টাঙ্গাইলের হাসান ইমামের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নজর২৪, ঢাকা- টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তিনি শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করেছেন অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান এই রিট করেছেন।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

 

মোখলেসুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মো. বোরহান খান এ রিট আবেদন দায়ের করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য গোপন করার অভিযোগে হাসান ইমাম খানের এমপি পদ বাতিল চেয়ে রিট আবেদন করেছেন স্থানীয় ভোটার মো. মোখলেছুর রহমান।

 

তিনি বলেন, বিষয়টি নিয়ে ২৫ জুলাই স্পিকার বরাবর চিঠি দেন মোখলেছুর রহমান। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

 

হাসান ইমাম খান টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য। এ আসনের সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় ২০১৪ সালে মন্ত্রিসভা থেকে অপসারিত হন ও দল থেকে বহিষ্কৃত হন। তিনি সংসদ থেকে পদত্যাগ করার পর উপনির্বাচনে হাসান ইমাম খান নির্বাচিত হন। পরে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *