নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তার শারীরিক অবস্থা ‘আগের মতোই’।
গত শনিবার (১৩ নভেম্বর) এভারকেয়ারে ভর্তি করানো সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় রোববার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে নেয়া হয় সিসিইউতে।
খালেদা জিয়ার অবস্থা এখন কেমন- এমন প্রশ্নের জবাবে তার চিকিৎসার দায়িত্বে থাকা এভারকেয়ারের একজন চিকিৎসক বলেন, ‘উনি এখনও সিসিইউতেই আছেন। কালকে পাঁচটি পরীক্ষার জন্য রক্তের স্যাম্পল নেয়া হয়েছে। হয়তো আজ দুই থেকে তিনটি পরীক্ষার ফলাফল আসতে পারে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক আরও বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। শারীরিক অবস্থা পর্যালোচনায় দুই দফা বৈঠক করেছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। পরীক্ষা-নিরীক্ষার ফল হাতে না আসা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।’
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গড়া ১০ সদস্যের চিকিৎসক বোর্ড।
এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রার্থনা সভা করবে বিএনপি। সোমবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।’
তিনি জানান, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল সকাল সাড়ে ১০টায় বেগম জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুহ বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফিরেছিলেন বিএনপি চেয়ারপারসন। এর পাঁচ দিন পর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
