মালালার বিয়ের খবরে ‘হতবাক’ তসলিমা, করলেন একাধিক টুইট

আন্তর্জাতিক ডেস্ক- বিয়ে করেছেন শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ও নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন এ পাকিস্তানি তরুণী।

 

মঙ্গলবার (৯ নভেম্বর) টুইটারে নিজের বিয়ের কথা জানান মালালা। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

 

টুইটারে উচ্ছ্বসিত মালালা লিখেছেন, আজ আমার জীবনের মহামূল্যবান একটি দিন। আসার ও আমি সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। আমরা বার্মিংহামের বাড়িতে বিয়ের ছোটখাটো আয়োজন করেছিলাম। আমাদের জন্য দোয়া করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলতে অধীর হয়ে রয়েছি।

 

অল্প বয়সে মৃত্যুর সঙ্গে লড়ে আসা মালালা ইউসুফজাইয়ের নতুন জীবন শুরু হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু তার এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মালালার বিয়ে নিয়ে বুধবার (১০ নভেম্বর) সকাল থেকে একের পর এক টুইট করছেন তিনি।

 

প্রথম টুইটে লেখিকা তসলিমা বলেছেন, ‘মাত্র ২৪ বছর বয়সী মালালা পাকিস্তানি এক ছেলেকে বিয়ে করেছেন জেনে খুব হতবাক হয়েছি! আমি ভেবেছিলাম তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছেন, সেখানে কোনো সুদর্শন প্রগতিশীল ইংরেজ পুরুষের প্রেমে পড়বেন এবং ৩০ বছর বয়সের আগে বিয়ের কথা ভাববেন না। কিন্তু…’।

 

গত জুনে ‘ভোগ’ ম্যাগাজিনে মালালা বলেছিলেন- ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে।’

 

দ্বিতীয় টুইটে বিয়ে নিয়ে মালালার করা ওই মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন তসলিমা। তিনি লিখেছেন, ‘জুলাইয়ে তিনি এখনকার চেয়ে বেশি প্রাপ্তবয়ষ্ক ছিলেন’।

 

আরেক টুইটে আলোচিত এ লেখিকার দাবি, কিছু ‘নারীবিদ্বেষী তালেবান’ মালালার বিয়েতে খুশি। কারণ তিনি ‘খুব অল্প বয়সে’ একজন পাকিস্তানি মুসলিমকে বিয়ে করেছেন।

 

১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলায় জন্ম নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের। সুন্নি মুসলিম পরিবারে মেয়ে। ২০১২ সালে স্কুলে যাওয়ার পথে জঙ্গি হামলা হয় তাঁর উপর। নারীশিক্ষায় সক্রিয় ভূমিকার জন্য ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। হামলার পর চিকিৎসার জন্য পাকিস্তান ছাড়েন তিনি। আসেন ইংল্যান্ডে। বর্তমানে ইংল্যান্ডেরই পাকাপাকি বাসিন্দা মালালা। এখান থেকেই নারীর ক্ষমতায়ন ও নারীশিক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

 

ইংল্যান্ডের বার্মিংহামে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে মালালার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মঙ্গলবার। মালালার স্বামীর নাম আসার মালিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *