অবশেষে বিয়ে করলেন নোবেলজয়ী মালালা

আন্তর্জাতিক ডেস্ক- বিয়ে করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন মালালা যিনি পাকিস্তানে নারীদের শিক্ষার অধিকারের পক্ষে কথা বলায় প্রায় এক দশক আগে তালেবানের হাতে প্রাণ হারাতে বসেছিলেন।

 

মঙ্গলবার বিকেলে মালালা টুইট করে তার নিজের বিয়ের কথা জানান। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও তিনি যুক্ত করে দিয়েছেন। স্বামীর বিস্তারিত পরিচয় না দিয়ে তিনি তার নাম লিখেছেন ‘আসার মালিক’।

 

উচ্ছ্বসিত মালালা লিখেছেন, ‘আমাদের জন্য প্রার্থনা করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলার জন্য অধীর হয়ে আছি।’

 

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, মালালার স্বামীর নাম আসার মালিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের ম্যানেজার।

 

তবে বিয়ের ব্যাপারে মালালা আগে তার অনাগ্রহের কথা জানিয়েছিলেন। গত জুন মাসেও ব্রিটেনের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মানুষকে কেন বিয়ে করতেই হবে এটা আমি বুঝতে পারি না। কাউকে জীবনে সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না?’

 

উল্লেখ্য, মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় পশতুন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেন। নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়া মালালাকে ২০১২ সালে উগ্রবাদীরা গুলি করে। এ সময় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেয়া হয়। এরপর থেকে তিনি পরিবারসহ সেখানেই বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *