ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে ফেসবুক ও মেসেঞ্জার, আনুষ্ঠানিক উদ্বোধন

নজর২৪ ডেস্ক- ফেসবুক ব্যবহার করার সময় ডেটা ফুরিয়ে গেলেও ফেসবুক মেসেঞ্জারে বার্তা আদান, প্রদান করা যাবে। পাশাপাশি ফেসবুক অ্যাপ ব্যবহার করে স্ট্যাটাস দেওয়াসহ বেশ কিছু ফিচার ব্যবহার করা যাবে। তবে আপাতত শুধু গ্রামীণফোনের গ্রাহকেরা এসব সুবিধা পাবেন।

 

আজ মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধু টেক্সটের মাধ্যমে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সুযোগ এবং ‘ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মেটা ও মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে জানানো হয়, টেক্সট-অনলি ফেসবুকের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকেরা ইন্টারনেট ডেটা শেষ হয়ে গেলেও ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-অনলি সংস্করণে যুক্ত থাকতে পারবেন। এ ছাড়া মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ গ্রামীণফোন গ্রাহকদের দৈনিক ১৫ মেগাবাইট ব্যালেন্সের মাধ্যমে কোনো চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ দেবে। গ্রাহকেরা ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন: ফ্রি ডেটা দিয়ে টেক্সট মেসেজ ও আইকন দেখতে পারবেন। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সব সময় যুক্ত থাকতে পারবেন।

 

তবে মোবাইল ডেটা প্যাকেজের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি সাধারণ গ্রাহকদের পেতে জন্য উন্মুক্ত করতে অপারেটরগুলোর কারিগরিভাবে প্রস্তুত হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে। সে ক্ষেত্রে এই সেবা পেতে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাধারণ গ্রাহককে।

 

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান প্রদান এবং কালেকটিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে।

 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, বৈশ্বিক মহামারি ডিজিটালভাবে কানেক্টেড সমাজ ও অর্থনীতির পথে আমাদের যাত্রাকে ত্বরান্বিত করেছে এবং এর ফলে, বিশেষত আমাদের মতো দেশগুলোতে ডিজিটাল অন্তর্ভুক্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সর্বস্তরের মানুষের জন্য ডিজিটাল সমাধানের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে গ্রামীণফোন উদ্ভাবন ও বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল প্রযুক্তি যথাযথ ব্যবহারের লক্ষ্যে বিশ্বের অন্যতম বড় ফেসবুক ইউজার বেসের প্রয়োজনীয়তা পূরণে একইসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করাতেই মেটা ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ-আজকের এই উন্মোচন।

 

তিনি বলেন, ডেটা ছাড়াই এই যুগে সবাই যাতে তথ্য জানার সুযোগ পায়, আমাদের এমন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমি নিয়ন্ত্রক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর পল কিম বলেন, মানুষকে কানেক্টেড থাকতে সাহায্য করা এবং ইন্টারনেটে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ রিসোর্সে তাদের ধারাবাহিক অ্যাক্সেস নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের জন্য আরও উন্নত কানেক্টিভিটি এবং অ্যাক্সেস নিশ্চিত করার লক্ষ্যে এই প্রোগ্রামগুলোতে অবদান রাখতে পেরে আমরা কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *