কবর থেকে তোলা হলো রায়হানের মরদেহ

নজর২৪, সিলেট- সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে নিহত রায়হানের মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পিবিআই। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে ১১ টায় পিবিআই সিলেটের আখালিয়া নবাবি মসজিদ কবরস্থান থেকে রায়হানের মরদেহ উত্তোলন কাজ শেষ করে।

 

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজীব আহমেদ সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯ টায় আখালিয়া নবাবি মসজিদ কবরস্থানে আসে পিবিআই এর তদন্ত কমিটি।

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট জেলা পুলিশ সুপার খালেকুজ্জামান বলেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হান নামের এক যুবকের লাশ তুলা হয়েছে। লাশ তুলার পর সুরতহাল করা হয়। এরপর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়। সেখানে মেডিক্যাল বোর্ড গঠনের পর তার ময়নাতদন্ত করা হবে।

 

তিনি আরও জানান, পুলিশ এই হত্যা মামলায় অজ্ঞাতদের গ্রেফতার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া তদন্তকালিন সময়ে যাদের সংশ্লিষ্টতা পিবিআই পাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

জানা গেছে, পুনরায় ময়না তদন্তের জন্য রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন। তার আবেদনের প্রেক্ষিতেই রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেন জেলা প্রশাসক। পুলিশ সদর দপ্তরের নির্দেশে বর্তমানে এই মামলাটির তদন্ত করেছে পিবিআই। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতেই এই মামলার নথি পিবিআই’র কাছে হস্তান্তর করে এসএমপি।

 

উল্লেখ্য, নিহত রায়হান সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। মৃত্যুর পর গত রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে তাঁর ময়নাতদন্ত করা হয়। সেদিনই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *