ডিজেলের দাম বৃদ্ধি: পরিবহন ধর্মঘটে বিএনপির সমর্থন

fokrul n2

নজর২৪, ঠাকুরগাঁও- জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটে বিএনপি নৈতিক সমর্থন দিবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সফর শেষে ঢাকায় রওয়ানা দেয়ার সময় নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

মির্জা ফখরুল বলেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। বিএনপি তাতে নৈতিক সমর্থন জানাবে। অন্যান্য পরিবহন শ্রমিকরা এ নিয়ে আন্দোলন করলে তাদের প্রতিও আমাদের সমর্থন থাকবে। এই ইস্যুতে আমরা কোনো কর্মসূচি দেবো কি না তা ঢাকায় গিয়ে জানাতে পারব।

 

এরই মধ্যে বিভিন্ন জেলায় বাস ভাড়া বেশি আদায়ের খবর আসছে। ট্রাক ভাড়া বেড়ে গেলে পণ্যমূল্যও বেড়ে যাবে বলে আশঙ্কার কথা বলাবলি হচ্ছে।

 

মির্জা ফখরুলও একই শঙ্কার কথা বলেছেন। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ হিমশিম খাচ্ছে। সেই সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় তা দ্রব্যমূল্য আরও বাড়াবে। এটা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। তাতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।’

 

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *