ডিজেলের দাম এক লাফে ১৫ টাকা বাড়ালো সরকার

নজর২৪ ডেস্ক- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশেও ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। লিটারপ্রতি এক লাফে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। সে হিসাবে দাম এক লাফে বাড়ল ২৩ শতাংশ।

 

নতুন দাম রাত ১২টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সরকার।

 

প্রায় সাড়ে পাঁচ বছর পর সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করল। ২০১৬ সালের ২৪ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছিল।

 

করোনা শেষে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমেই বাড়ছে। দাম এতটাই বেড়ে গেছে যে, কেবল গত অক্টোবরেই সরকার সোয়া ৭০০ কোটি টাকার বেশি লোকসান দিয়েছে।

 

নতুন দাম কার্যকর হওয়ায় ডিজেলে সরকার আর কোনো লোকসান দেবে না। বরং লিটারে দুই টাকার মতো মুনাফা করবে পেট্রোলিয়াম করপোরেশন।

 

বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

দেশের এর আগে কখনও এক লাফে এত বেশি হারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

 

বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে যুক্তি তুলে ধরে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে।

 

ভারতে জ্বালানি তেলের দামের হিসাবও দেয়া হয় এতে। জানানো হয়, গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজারমূল্য নির্ধারণ করা হয় লিটারে ১০১ দশমিক ৫৬ রুপি। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় ১২৪ টাকা ৪১ পয়সা।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন ডিজেলে লিটারপ্রতি ১৩.০১ এবং ফার্নেস অয়েলে লিটারপ্রতি ৬.২১ টাকা কমে বিক্রয় করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে। অক্টোবর মাসে বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন বিভিন্ন গ্রেডের পেট্টোলিয়াম পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনঃনির্ধারণ করেছে। নতুন এই মূল্যবৃদ্ধি আজ (বুধবার) দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০০৮ সালের ২২ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন এবং এতদসংক্রান্ত সময় সময় জারিকৃত সংশোধনীসহ অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *