সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ!

sakib n4234

স্পোর্টস আপডেট ডেস্ক- তিনি ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে। আগের দিন জানিয়েছিল, দুদিন দেখে সাকিব আল হাসানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

 

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দেশসেরা এই ক্রিকেটার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। এরপর বাড়তি ধকল থেকে বাঁচতে বিশ্বকাপে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামেন তিনি। যদিও তা যৌক্তিক করে তুলতে পারেননি তিনি। ১২ বলে মাত্র ৯ রানে ফেরার সময়ই আঁচ করা যাচ্ছিল, চোট একেবারে মামুলি নয়।

 

সকাল থেকে চাপা খবর, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া সেই চোটে এবারের বিশ্বকাপটাই শেষ সাকিবের। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। পর্যবেক্ষণের যে সময়টা ছিল সেটিও এখনো শেষ হয়নি। দলের ডাক্তাররা কাজ করছেন সাকিবকে নিয়ে। তবে এটুকু ইঙ্গিত মিলেছে, সাকিব যে ধরনের চোটে আছেন সেটা কাটিয়ে উঠতে এক সপ্তাহ সময় চাই।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনের দুটো ম্যাচ ২ ও ৪ নভেম্বর। মানে সাকিব সেরে ওঠার আগেই শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ, সোমবার অনুমতি পেলে দুবাইয়ের টিম হোটেল ছাড়তে পারেন তিনি!

 

এ বিষয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কিছু বলেননি। শুধু জানিয়েছেন, সাকিবের ইনজুরির উন্নতি হয়নি।

 

অন্যদিকে সাকিবকে প্রয়োজন দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে। যদি তাকে এখন বিশ্রাম না দেয়া হয় তাহলে সেখানে তাকে পাওয়া আরো ঝুঁকিপূর্ণ হবে। আর সেই কারণেই হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের দুই ম্যাচ আর সাকিবের খেলা হচ্ছে না।

 

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি’র তরফ থেকে এমন কিছু জানানো হয়নি। তবে দলের কয়েকটি সূত্রে জানা গেছে- পাকিস্তান সিরিজের কথা ভেবেই সাকিবকে বিশ্বকাপে আর খেলানো হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *