রাকিবুল ইসলাম রাফি, রাজবাড়ী- কয়েকটি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে একটি ফেরি উল্টে গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিটিসির আরিচা ঘাট কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।
জিল্লুর রহমান জানান, আমানত শাহ ফেরি ১৫টির মতো গাড়ি নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আসে। পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ভেড়ার পর সকাল পৌনে ১০টার দিকে ফেরি থেকে তিনটি গাড়ি ঘাটে নামার পরপরই ফেরিটি কাত হয়ে পানিতে আংশিক তলিয়ে যায়। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছেন তিনি।
