আ. লীগের আর ক্ষমতায় থাকার অধিকার নেই: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার অধিকার নেই। তারা কোনো সমস্যার সমাধান করতে পারেনি। তারা আজ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে। মানুষের অধিকার ব্যাহত করে। বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে।

 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক সহিংতাবিরোধী সমাবেশে বিএনপি নেতা এসব কথা বলেন।

 

ফখরুল বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছে। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। ৫ শতাধিক মানুষকে তারা গুম করেছে। সহস্রাধিক মানুষকে তারা হ ত্যা করেছে। আজকেও তারা পঞ্চাশের বেশি নেতা-কর্মীকে তারা গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীকে মুক্তি এবং সব মামলা প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি।

 

‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান- সবার ওপর হামলা করে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সংখ্যালঘুদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই, যারা খু ন হয়েছে তার বিচার চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ হাজার বছর এখানে একসঙ্গে বসবাস করছে।’

 

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ র‍্যালি করে প্রেসক্লাব পর্যন্ত যাব। কিন্তু সকাল থেকে পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে।’

 

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজ সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, প্রশাসনকে দলীয়করণ করেছে। আমাদের সভা-সমাবেশ করতে দেয় না। এসব করছে তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে। আমরা সব সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করি আর এই সরকার ক্ষমতায় আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। আজ আওয়ামী লীগকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। আজ আওয়ামী লীগের পতন জনগণের দাবিতে পরিণত হয়েছে।’

 

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নতুন, গ্রহণযোগ্য নির্বাচন দেন। যেন সবাই ভোট দিতে পারে। তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *