পূজামণ্ডপ ভাঙচুরের সঙ্গে আমাদের নেতাকর্মী জড়িত নয়: ভিপি নুর

নজর২৪, ঢাকা- চট্টগ্রামের পূজাম-পে হামলায় নিজের সংগঠনের কেউই জড়িত নয় বলে দাবি করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানান তিনি।

 

তিস্তা ব্যারেজ খুলে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ছাত্র, যুব ও শ্রমিক পরিষদ।

 

নুরুল হক নুর বলেন, চট্টগ্রামের পুজামন্ডপে হামলার অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকা-। আমরা এই সহিংসতার পেছনে বিএনপি বা আওয়ামী লীগকে দোষ দিতে চাই না। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানাই।

 

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাওয়া গণঅধিকার পরিষদের কর্মীদের ওপর সারাদেশে প্রতিহিংসামূলক মামলা ও হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

ভিপি নুর বলেন, জজ মিয়া নাটক নয়, প্রকৃত রহস্য উন্মোচনে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে চলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

 

এসময় সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেন, ৮ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে প্রথমবার ক্ষমতায় এসেছিল এই সরকার। অথচ এখন পেঁয়াজ, তেল ও মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণের হাতের নাগালে নেই। দেশের জনগণ এ প্রহসনের সরকার চায় না।

 

এই প্রতিবাদ সমাবেশে চট্টগ্রামে গ্রেফতার দুই নেতার মুক্তির জোর দাবি জানানো হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *