ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেয়ার চেষ্টা করব: বিচারপতি মানিক

নজর২৪ ডেস্ক- প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আলোচনায় থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি লিমিটেড ব্যবস্থাপনায় চার সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

 

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই বোর্ড সদস্যদের নাম ঘোষণা করে আদেশ দেন।

 

আদালত বলেছেন, বোর্ডে চেয়ারম্যান হিসেবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক থাকবেন।

 

বাণিজ্য মন্ত্রণালয় থেকে নাম পাঠানো তিনজনের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান (স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ) থাকবেন। বোর্ডে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী হিসেবে খান মোহাম্মদ শামীম আজিজ থাকবেন।

 

আর সরকারি বেতনে এক্স অফিসিও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে থাকবেন অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবির।

 

এদিকে আদালতের বোর্ড গঠনের পর ইভ্যালি নিয়ে পরিকল্পনা জানতে চাওয়া হয় শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি তো মাত্র দেখলাম খবরটা। এই মুহূর্তে পুরোপুরি মন্তব্য তো দেয়া সম্ভব হবে না। কাগজপত্র দেখতে হবে। তবে এ মুহূর্তে যেটা বলতে পারি তা হলো ইভ্যালিকে ভায়াবেল ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করা…।

 

‘আমার সঙ্গে আরও চারজন সদস্য আছেন। সবার সঙ্গে আলাপ করে ইভ্যালিকে ভায়াবেল ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। যারা এখানে পয়সা ঢেলেছেন তাদের পয়সা ফেরত দেয়ার চেষ্টা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *