নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও তাদের সেই পুরোনো রূপে ফিরে এসেছে। তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে এবং এসব কাজে সহযোগিতা করছে।
শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছে এই বুঝি বিএনপি এল- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন খোয়াব, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তারা গত এক যুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। সনাতন ধর্মাবলম্বীদের জন্যও প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো!
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্পও করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। আজ তারাই মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটি প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ দল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।’
বিভিন্ন সভা-সমাবেশে বিএনপি মহাসচিব স্বভাবসুলভভাবে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতে অন্ধকার দেখতে পায়। দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে, এ থেকে তারা বের হতে পারছে না।
