নজর২৪, ঢাকা- বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনকে সহযোগিতা করতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবি টহল শুরু করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
