Home কৃষি, অর্থ ও বাণিজ্য সদস্যপদ ফিরে পাবে ইভ্যালি, ‘শর্ত’ দিলো ই-ক্যাব

সদস্যপদ ফিরে পাবে ইভ্যালি, ‘শর্ত’ দিলো ই-ক্যাব

0
137

নজর২৪ ডেস্ক- ইভ্যালির সদস্যপদ পুনর্বহালের দাবিতে ই-ক্যাবের সঙ্গে বৈঠক করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন গ্রাহক ও মার্চেন্ট। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার পরে ই-ক্যাবের অফিসে যান ইভ্যালির পাঁচ গ্রাহক ও মার্চেন্ট। আলোচনা শেষে সন্ধ্যা ৭টার দিকে তারা বের হন।

 

আলোচনায় ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল এবং জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন উপস্থিত ছিলেন।

 

গত বুধবার গ্রাহকের অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না দেওয়ায় ইভ্যালি, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্সআরএসটি ওয়ার্ল্ডের সদস্যপদ স্থগিত করে ই-ক্যাব।

 

ই-ক্যাব জানায়, গত ১৮ জুলাই ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ই-ক্যাব। সেই নোটিশের পর অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না দেওয়ায় প্রতিষ্ঠান চারটির সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার এ সিদ্ধান্তের প্রতিবাদে ধানমন্ডিতে ই-ক্যাব অফিসের সামনে বিক্ষোভ করতে আসেন ইভ্যালির গ্রাহক-মার্চেন্টরা।

 

বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম শোভন বলেন, ইভ্যালির সদস্যপদ স্থগিত করার কারণে উনারা প্রতিবাদ জানাতে এসেছিলেন। ইভ্যালির ব্যবসা চালু রাখা ও গ্রাহকদের সব রকম সহযোগিতা করতে তারা ই-ক্যাবকে আহ্বান জানান।

 

তিনি বলেন, ‘ইভ্যালি যদি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমাধান করে সঠিক নিয়মে ব্যবসা করে তাহলে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভেবে দেখা হবে। এ কথা আমরা তাদের বলেছি।’

 

বৈঠকে উপস্থিত মোহাম্মদ নাসির উদ্দিন নামের এক ব্যবসায়ী বলেন, ‘ই-ক্যাবের নেতাকর্মীরা আমাদের সব কথা শুনেছেন। ই-ক্যাব থেকে জানানো হয়েছে ইভ্যালির সিইও রাসেল যদি কোনো প্রোপার বিজনেস মডেল দেখাতে পারেন ও তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলোর সমাধান হয় তাহলে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, ই-ক্যাব গ্রাহক-মার্চেন্ট সবাই আলোচনা করে ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য যেটা ভালো হয় সেভাবেই কাজ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

 

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও রাসেলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী (প্রতিষ্ঠানের চেয়ারম্যান) শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here