ক্যাম্পে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

নজর২৪, কক্সবাজার- কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামাদের গুলিতে তিনি নিহত হন।

 

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এবিপিএন) পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পে নিজ অফিসে বসা ছিলেন মুহিবুল্লাহ। এ সময় অজ্ঞাতনামারা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তিনটি গুলি তার বুকে লাগে।

 

রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম এই মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার আদায়ে গড়ে তুলেছেন সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটস।

 

এই সংগঠনের নেতা হিসেবে তিনি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের হয়ে কথা বলেছেন বিশ্ব দরবারে। তবে তিনি বেশি আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *