মেসির অভিষেক গোলে ম্যানসিটিকে হারাল পিএসজি

স্পোর্টস আপডেট ডেস্ক- চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিয়েছিল পিএসজি। দুই লেগের হার ফরাসি জায়ান্টদের টানা দ্বিতীয়বার ফাইনালে উঠার স্বপ্নভঙ্গ করেছিল। এবার মেসি-গুয়ের নৈপুণ্যে সেই প্রতিশোধ নিয়েছে পিএসজি। ২-০ ব্যবধানে গার্দিওলার সিটিকে হারিয়ে দিয়েছে পচেত্তিনোর পিএসজি।

 

বার্সেলোনা থেকে উড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন সেই কবে। এতদিন ধরে মেসি ম্যাজিকের অপেক্ষায় ছিল পিএসজি সমর্থকেরা। কিন্তু শুরুর দিকে ততটা মানিয়ে নিতে পারেননি মেসি। এর মধ্যেই ছিটকে গিয়েছিলেন ইনজুরিতে। খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ। চোট সেরে মাঠে নেমে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার। মেসির অভিষেক গোলে সিটিকে হারিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

 

মঙ্গলবার রাতের ম্যানসিটির বিপক্ষের ম্যাচের শুরুর একাদশেই মেসিকে রেখেছেন কোচ মাওরোসিও পচেত্তিনো। আর ২০ হাজার কোটি টাকার হাই ভোল্টেজ ম্যাচেই গোলের অভিষেক ঘটল মেসির।

 

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল উদযাপনে মেতে উঠলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তার এই গোলে ঘরের মাঠে পাক দি ফ্রাঁসে ম্যানসিটির বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় তুলে নিল পিএসজি।

 

দলকে অবশ্য লিড এনে দেন পিএসজির গত ম্যাচের স্কোরার ইদ্রিস গেইয়ে। ম্যাচ শুরুর মাত্র ৮ মিনিটের মাথায় দারুণ এক গোল করেন ইদ্রিসা।

 

আশরাফ হাকিমির পাস ধরে বাইলাইন থেকে কাটব্যাক করলেন এমবাপ্পে। নেইমার মিস করলেও পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে বিনা বাধায় জোরালা উঁচু শটে ঠিকানা খুঁজে নিলেন ইদ্রিসা।

 

ওই এক গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধে নেমে বেশখানিকটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা যায়। ৭৪তম মিনিটে আসে কাঙ্ক্ষিত সেই ক্ষণ।

 

বল ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে এড়িয়ে ডি-বক্সে এমবাপ্পেকে পাস দিলেন মেসি। ফরাসি তারকা প্রথম ছোঁয়ায় ফ্লিকে ফেরত পাঠালেন। সেই বল নিয়ে একজন ডিফেন্ডারকে এড়িয়ে সোজা জালে বল জড়িয়ে দেন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *