আদালতের নির্দেশে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ শুরু

নজর২৪, ঢাকা- অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের জন্য তো হাইকোর্টের রায় রয়েছে। এগুলো আমাদের ফলোআপ করতে হবে। সেই রায় অনুপাতে আমরা তালিকা তৈরি করে যেগুলো নিবন্ধনহীন সেগুলো বন্ধ করছি।

 

আদালতের রায় হাতে পেয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আমরা পেয়েছি এবং কাজ করছি।

 

যোগাযোগ করা হলে বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদারও বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘হাইকোর্টের অর্ডার যেহেতু পেয়েছি সিদ্ধান্ত নিতেই হবে। এর প্রেক্ষিতে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করার কাজ শুরু করেছে বিটিআরসি। এটা আরও আগেই করা উচিত ছিল, তবে আমরা আজ থেকে অননুমোদিত সাইটগুলো বন্ধ করার কাজ শুরু করেছি।’

 

কতগুলো সাইট বন্ধ হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কিছু সাইট বন্ধ হয়েছে। তবে এখন অফিসের বাইরে আছি, তাই এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যাটা বলা যাচ্ছে না।’

 

তবে নিবন্ধিত বেশ কিছু পোর্টালও ব্লক করে দেয়া হয়েছিল। বিষয়টি জানালে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় বলেন, ‘সেগুলো খুলে দেয়া হবে। হয়তবা ভুলবশত বন্ধ করে ফেলছে।’

 

গত ১৪ সেপ্টেম্বব এক আদেশে অনিবন্ধিত নিউজপোর্টালগুলো ৭ দিনের মধ্যে বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

 

বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতেও বলে উচ্চ আদালত।

 

বাংলাদেশে গণমাধ্যম চালু করতে হলে সরকারের পূর্বানুমতি নিতে হলেও অনলাইনভিত্তিক গণমাধ্যমের ক্ষেত্রে এই বিষয়টি উপেক্ষিত হয়ে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *