আন্তর্জাতিক ডেস্ক- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের শুরুতে ভারত সফর করবেন। সেই সফর বছরের প্রথম দুই মাস অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতেই হবে। হাইপ্রোফাইল সূত্রের বরাতে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) এই খবর দিয়েছে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের শুরুতে নয়াদিল্লি সফর করবেন। সূত্রের খবর অনুযায়ী, এই সফরের তারিখ জানুয়ারি বা ফেব্রুয়ারি ২০২২-এ হবে। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।’
প্রতিবেদনে আরও বলা হয়, ভারত এই বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে অংশ নিয়েছে এবং উভয় দেশ ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসাবে স্মরণ করার প্রতিশ্রুতি দিয়েছে- এদিনই ভারত ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
এতে আরও বলা হয়, করোনা মহামারীর সময় প্রধানমন্ত্রী মোদিই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশ সফর করেছিলেন। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে করোনাকালে বাংলাদেশই ছিল ভারতীয় প্রধানমন্ত্রীর একমাত্র বিদেশ সফর। বাংলাদেশের জন্মের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশগ্রহণের জন্য গত মার্চে ঢাকায় এসেছিলেন মোদি।





