Home প্রধান খবর ইভ্যালির রাসেল ও তার স্ত্রী ৩ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল ও তার স্ত্রী ৩ দিনের রিমান্ডে

0
301

নজর২৪, ঢাকা- অর্থ আত্মসাতের মামলায় আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

 

এর আগে মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের হেফাজতে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশের উপপরিদর্শক ওহিদুল ইসলাম।

 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।

 

আসামিপক্ষের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।

 

শুনানির সময় কাঠগড়ায় রাসেলের সাথে অন্য মামলার পুরুষ আসামি থাকার কারণে তার স্ত্রীকে সেখান থেকে নামিয়ে বেঞ্চে বসানো হয়।

 

আদালতে শুনানি শুরু হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী আদালত থেকে সময় চান মামলার এজাহারের কপি পড়ার জন্য।

 

আদালত বলেন, আপনার দায়িত্ব মামলার কপি নিয়ে এসে শুনানি করা। আমার দায়িত্ব শুনানি শোনা। এখন কেন মামলার কপি চাইছেন? আপনাকে সময় দিতে আমার আপত্তি নেই, তবে এটা দৃষ্টিকটু দেখায়।

 

পরে আদালত রাষ্ট্রপক্ষের কাছ থেকে একটি মামলার কপি চেয়ে দেখার সুযোগ দেন। মাঝের এই সময়টাতে অন্য মামলার শুনানি চলে।

 

বৃহস্পতিবার রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এই মামলা হওয়ার পর বিকেলেই রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here