আদালতে পরীমণি

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কালো রঙের একটি গাড়িতে তিনি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছান।

 

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। পরীমণির আইনজীবী মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্ত হন পরীমনি।

 

ওইদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

 

গত ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমণির একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুই দিন এবং ৫ আগস্ট একই মামলায় পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। তিন দফায় মোট পরীমণিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *