বিএনপির বৈঠক: আ.লীগের অধীনে ভোট নয়, জামায়াত ত্যাগের পরামর্শ

নজর২৪ ডেস্ক- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কৌশল নির্ধারণে প্রথম দিনের বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানকে। সেই সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে সম্পর্ক মিটিয়ে ফেলার তাগিদ দিয়েছেন।

 

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত উত্থাপন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপের আহ্বান আসার মধ্যে মঙ্গলবার এই বৈঠক হলো।

 

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠকে দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের উপদেষ্টা মিলিয়ে ৬২ জন অংশ নেন। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

আনুষ্ঠানিকভাবে বৈঠকে শেষ হওয়ার আগেই দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদসহ দুই-তিন জন নেতা বেরিয়ে যান। এরপর মধ্যে বক্তব্য রাখেন মোট ২৮ জন।

 

সব মিলিয়ে পাঁচ ঘণ্টা চলে এই বৈঠক। এরপর বৈঠক স্থলের বাইরে অবস্থানরত সাংবাদিকদেরকে নিরাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে না চেয়ে বরং তিনি প্রশ্ন না করার অনুরোধ করেন গণমাধ্যম কর্মীদের।

 

তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা আলোচ্য বিষয় সম্পর্কে জানিয়েছেন গণমাধ্যমকে। তারা জানান, বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কথা বলেন তারেক রহমান।

 

এরপর দলের ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা বক্তব্য রাখেন। সভায় নেতারা মূলত তিনটি বিষয়কে বেশি প্রাধান্য দিয়েছেন।

 

তারা জোর দিয়ে বলেছেন, প্রথমত. এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া উচিত হবে না। দ্বিতীয়ত. নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায়ে দরকার হলে আবার ২০১৩ সালেরে মতো কঠোর আন্দোলনে যাওয়া উচিত। তৃতীয়ত. আন্দোলন করতে ছাত্রদলকে শক্তিশালী করতে হবে।

 

বিএনপির নেতারা জানান, তাদের বৈঠকে বেশিরভাগ নেতাই আলোচনায় না গিয়ে আন্দোলনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, বিএনপিকে মাঠে নেমেই ক্ষমতা আদায় করতে হবে। তার জন্য কঠোর আন্দোলনের পক্ষে যুক্তি দেন সবাই।

 

সভায় উপস্থিত একজন ভাইস চেয়ারম্যান বলেন, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অনেকেই আপত্তি জানান। তারা দাবি করেন নতুন কমিটি দিয়ে ছাত্রদলকে শক্তিশালী করার। বলেছেন, মাঠে টিকে থাকতে হলে ছাত্রদলকে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *