নজর২৪ ডেস্ক- উপহারের বেশ কিছু বাড়ি হাতুড়ি-শাবল দিয়ে ভাঙা হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন তাতে এই বাড়ি নির্মাণে ‘দুর্নীতি’ চাপা পড়ে গেছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকার প্রধানের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্রয়হীনদের জন্য প্রকল্প করেছেন। সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী বলছেন, এটাকে ইট দিয়ে হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটার পিছনে যে লক্ষ-কোটি টাকার দুর্নীতি হয়েছে এটা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন না।’
জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা।
এর আয়োজক বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামে একটি সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) হাতুড়ি, শাবলের উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি দুর্নীতির পক্ষে, দুর্নীতিবিরোধীদের পক্ষে নন। যারা আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি করেছে তাদের কিন্তু তিনি ধরলেন না। তিনি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।’
