কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে ‘মুজিববর্ষের ঘর’ ভেঙে প্রচার করেছে: প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য প্রায় দেড় লাখের মতো ঘর নির্মাণ করা হলেও মাত্র ৩০০টি ঘরে ত্রুটি ধরা পড়েছে। এরমধ্যে কিছু ঘর হাতুড়ি-শাবল দিয়ে ষড়যন্ত্রকারীরা ভেঙে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করেছে।

 

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা যখনই ঘর ভাঙার তথ্য পেয়েছি। সম্পূর্ণ সার্ভে করিয়েছি। কারা এর সঙ্গে জড়িত, প্রত্যেকের নাম-ঠিকানাসহ পেয়েছি। মানে গরিবের জন্য ঘর করে দিচ্ছি, তারা এভাবে যে ভাঙতে পারে, সেই ছবিগুলো দেখলে, দেখা যায়।’

 

ঘর ভেঙে পড়ার পেছনের কারণ মিডিয়া অনুসন্ধান করেনি অভিযোগ করে সরকার প্রধান বলেন, ‘মিডিয়া এগুলো ধারণ করে প্রচার করে, তারা কিন্তু এটা কীভাবে হলো সেটা কিন্তু দেখে না।’

 

তদন্তে ৯টি জায়গায় দুর্নীতি পাওয়া গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘কয়েকটা জায়গায় দেখা গেছে, যেমন এক জায়গায় ৬০০ ঘর সেখানে হয়ত ৩/৪টা ঘর, ঐ যে প্রবল বৃষ্টি হলো যখন সেজন্য মাটি ধসে কয়েকটা ঘর নষ্ট হয়েছে। মাত্র ৯টা জায়গায় আমরা পেয়েছিলাম যেখানে কিছুটা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, মাত্র ৯টা জায়গায়।’

 

আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি যে প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। যাদের ওপর দায়িত্ব দিয়েছিলাম, আমাদের ইউএনও-ডিসি সব কর্মচারীরা ছিল, তারা কিন্তু অনেকে নিজেরা এগিয়ে এসেছে এই ঘরগুলো তৈরিতে সহযোগিতা করার জন্য।’

 

তিনি বলেন, ‘যারা ইট তৈরি করে তারাও এগিয়ে এসেছে, অল্প পয়সায় তারা ইট দিয়ে দিয়েছে। এভাবে সবাই। সবার সহযোগিতা, আন্তরিকতাটাই বেশি। কিন্তু এর মধ্যে দুষ্টুবুদ্ধির কিছু লোক, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর। যখন এটা গরিবের ঘর, সেখানে তারা হাত দেয় কীভাবে।’

 

নেতা-কর্মীসহ সংশ্লিষ্টদের আরও সর্তক থাকার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যাই হোক আমরা সেগুলো মোকাবিলা করেছি। তবে আমাদের নেতা-কর্মীদের এ ব্যাপারে আরও সর্তক থাকা দরকার।’

 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের শক্তিশালী সংগঠন থাকায় করোনা মহামারির ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *