Home আন্তর্জাতিক অবশেষে আফগানিস্তানে সরকার ঘোষণা করলো তালেবান

অবশেষে আফগানিস্তানে সরকার ঘোষণা করলো তালেবান

0
161

আন্তর্জাতিক ডেস্ক- মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান।

 

মঙ্গলবার সন্ধ্যায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন বলে জানিয়েছে আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজ।

 

তোলো নিউজ আরও জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নতুন সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। পাশাপাশি তার প্রথম ডেপুটি হিসেবে কাজ করবেন সশস্ত্র ইসলামি এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার।

 

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ মঙ্গলবার রাতে নতুন সরকারের ঘোষণা করেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

মুখপাত্র মুজাহিদ বলেন, তালেবানের উপনেতা সিরাজুদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও সংগঠনের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্ট্যানেকজাইকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে করা হয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী।

 

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, আফগানিস্তানে দুই দশকের যুদ্ধের ইতি টেনে সেপ্টেম্বরের মধ্যে সব সেনা ফেরত নেবেন। মে থেকে উজ্জীবিত তালেবান আফগানিস্তানের একের পর এক প্রদেশ দখল নিতে শুরু করে।

 

সবশেষ গত ১৫ আগস্ট রাজধানী কাবুল ও প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়ে সবকিছুতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কট্টর ইসলামপন্থি দলটি। তবে সরকার গঠনে সময় নিচ্ছিল তালেবান। সেই অপেক্ষার অবসান হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here