Home প্রধান খবর ইভ্যালি থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিলো যমুনা গ্রুপ

ইভ্যালি থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিলো যমুনা গ্রুপ

0
104

নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালিতে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিলেও সিদ্ধান্ত পাল্টেছে যমুনা গ্রুপ।

 

যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ডক্টর মোহাম্মদ আলমগীর আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইভ্যালিতে বিনিয়োগ করা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন, কোনও চূড়ান্ত বিনিয়োগের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং পুনঃপর্যালোচনা ছাড়া কোনও ব্যবসায়িক খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়।

 

যমুনা গ্রুপ বলছে, যমুনা গ্রুপ ব্যবসা পরিচালনায় উৎপাদনমুখী ও গঠনমূলক ব্যবসায়িক নীতিকেই গুরুত্ব দেয়। যা দেশের শিল্প অবকাঠামোগত ব্যাপকভিত্তিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘ মেয়াদে লক্ষ লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে ও জীবন-জীবিকার সংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্য কোনও কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার এবং অধিকার শুধু যমুনা গ্রুপের একান্ত বিষয়, এটি কারও অনুরোধে ঢেঁকি গেলার বিষয় নয়। অন্য কোনও কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনও দায় অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

 

এদিকে বিনিয়োগ থেকে সরে আসার বিষয়টি সোমবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যমুনা গ্রুপের ডিরেক্টর (কমার্শিয়াল) এ.বি.এম. শামসুল হাসান। তিনি বলেন, ইভ্যালির বর্তমান পরিস্থিতিতে যমুনা গ্রুপের মতো একটি বিখ্যাত প্রতিষ্ঠানের পক্ষে এই মুহূর্তে বিনিয়োগ করা সম্ভব নয়।

 

তিনি বলেন, ‘আমরা ওদের কাগজপত্র যাছাই বাছাই করে দেখেছি ওখানে বিনিয়োগ করা আমাদের লাভজনক হবে না। সে কারণে আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here