নজর২৪, চাঁদপুর- আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যাবে বলে আশা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদরে মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সভায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিত করেছিলাম ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আশা করছি ১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো।’
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা আবারও বসবো। কারণ বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল নেয়। আমরা উপচার্যদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন অন্তত সকল শিক্ষার্থীরা যদি প্রথম ডোজ টিকা নিতে পারে তাহলে ভালো হয়।
‘সেজন্য আমরা একটা তারিখ নির্ধারণ করেছিলাম অক্টোবরের মাঝামাঝি। এখন তাদের সঙ্গে আবারও কথা বলবো। ওনারা যদি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে খুলতে রাজি হন কিংবা ভিন্ন কোনো তারিখ নির্ধারণ করেন সেটি ওনাদের বিষয়।’





