আপনার দল এখন রাজাকার, কাদেরকে উদ্দেশ্য করে গয়েশ্বর

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশি কথা বলেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে আওয়ামী লীগ রাজাকারের দল বলেও মন্তব্য করেছেন তিনি।

 

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন গয়েশ্বর।

 

আলোচনায় সভায় ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এতো কথা বলেন কেন? প্রত্যেকটা বীর জাতীয়তাবাদী দল করে। এটা রাজাকারের দল নয়, আপনার দল এখন রাজাকার আলবদরের।’

 

তিনি বলেন, ‘আমরা যাদের ভোট চোরের সরকার বলি তারা আজ কয়েকদিন ধরে দলবদ্ধভাবে কিছু কথা বলছেন। আমি বলব ওরা (আওয়ামী লীগ) দীর্ঘ ১২ বছরে কখনো পাপিয়া, কখনো পরীমনি একেক সময় একেকটা ইস্যু দাঁড় করায়।’

 

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘আমরা জেল-জুলুম অ-ত্যা-চারের শিকার, আমরা অনেক ত্যাগ করেছি, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে যদি ব্যর্থ হই, তাহলে সব কাজই বৃথা। যারা ইতিহাস বিকৃত করতে চায় তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য অবশিষ্ট নেই।’

 

তিনি বলেন, ‘যারা বলে জিয়াউর রহমান গুলি করেননি, তারাই যুদ্ধাপরাধী, তারাই স্বাধীনতাকে স্বীকার করে না। যদি স্বাধীনতাকে স্বীকার করতে হয় তাহলে জিয়াউর রহমানকে অস্বীকার করে হয় না।’

 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘এ সরকার পতনের জন্য স্লোগান যথেষ্ট নয়। আপনারা প্রস্তুত হন। জবাব আমাদের একটা একটা করে দিতে হবে। যেই দলের কর্মীরা মরতে প্রস্তুত সেই দলের ভয় কিসের?’

 

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *