বিশ্বরেকর্ড গড়েই পর্তুগালকে জেতালেন রোনালদো

স্পোর্টস আপডেট ডেস্ক- নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ শুরুতে পেয়ে হারালেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল পড়ে গেল হারের শঙ্কায়। দলের অতি প্রয়োজনের মুহূর্তে তিনিই আবার জ্বলে উঠলেন। শেষ দিকে জোড়া গোল করে খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক। রোমাঞ্চকর লড়াইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে দিল পর্তুগাল।

 

বিশ্বকাপ বাছাইয়ে বুধবার রাতে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে পর্তুগিজরা। জন ইগানের গোলে পিছিয়ে পড়ার পর শেষ দিকে সাত মিনিটে গোল দুটি করেন রোনালদো। এর মধ্য দিয়ে আলি দায়ীকে ছাপিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নেন পর্তুগিজ মহাতারকা।

 

ইউরোয় করা পাঁচ গোল তাকে সমতায় নিয়ে এসেছিল আলি দায়ীর সঙ্গে। দু’জনের গোল ছিল ১০৯টি করে। কিন্তু শেষ ষোল থেকে ছিটকে পড়েছিল তার দল। আর তাতেই রেকর্ডটা ভাগাভাগি করতে হয়েছে আরও দুটো মাস।

 

তবে বিশ্বকাপ বাছাই শুরু হতেই শেষ হলো অপেক্ষার পালা। বুধবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ মিনিটে সতীর্থের ক্রস থেকে তার করা দারুণ এক হেডার গিয়ে আছড়ে পড়ল প্রতিপক্ষ জালে। এল সমতাসূচক গোলটি। তাতে সিংহাসনটাও নিজের করে নেন পর্তুগীজ অধিনায়ক। থামেননি সেখানেই। যোগ করা সময়ে করলেন আরও একটি গোল। সেটাও হেডার থেকেই। ফলে অন্তিম সময়ের দুই গোলে তার দল পর্তুগালও পেল দারুণ এক জয়।

 

শেষ গোলের ফলে আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ড পেল নতুন এক উচ্চতা। গিয়ে ঠেকল নেলসন নাম্বারে। আন্তর্জাতিক ফুটবলে তার গোল ১১১টি, বিশ্বরেকর্ডটাও।

 

যাকে পেছনে ফেলেছেন, সেই আলি দায়ীর ১০৯ গোল এসেছিল ১৪৯ ম্যাচে। আর সেই রেকর্ড ভাঙতে ১৮০ ম্যাচ খেলতে হলো রোনালদোকে। পুরুষ ফুটবলে আন্তর্জাতিক ম্যাচে ৯০ এর বেশি গোল আছে কেবল এই দুজনেরই। তিনে আছেন যিনি, সেই মুক্তার দাহারির গোলের সংখ্যাও আছে ঢের পিছিয়ে, ‘মাত্র’ ৮৯টি!

 

এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের ভেতর তার কাছাকাছি আছেন কেবল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আর সংযুক্ত আরব আমিরাত কিংবদন্তি আলি মাবখুত, দু’জনের গোল সমান ৭৬টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *