Home প্রধান খবর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাধা দেওয়া হয়নি: পুলিশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বাধা দেওয়া হয়নি: পুলিশ

0
232

নজর২৪, ঢাকা- বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পুলিশ বাধা দেয়নি। তারা যথাযথভাবে কর্মসূচি শেষ করে বের হয়ে গেছেন। আজ জাতীয় সংসদের অধিবেশন আছে সেই বিষয়টা মাথায় রেখেই তারা অনুষ্ঠান করেছেন।

 

বুধবার (১ সেপ্টেম্বর) মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান এসব কথা বলেন।

 

এডিসি রুবাইয়াত জামান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে প্রবেশে কাউকে বাধা দেওয়া হয়নি। এমনকি চন্দ্রিমা উদ্যানে বিএনপির কতজন প্রবেশ করতে পারবে সে বিষয়েও লিখিতভাবে কিছু বলা হয়নি।

 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই উপস্থিত ছিলেন, আপনারা সবই দেখেছেন। প্রত্যেকেই কিন্তু বাধাহীনভাবে কর্মসূচি উদযাপন করেছেন। তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করে চলে গেছেন।

 

বিএনপির নেতাকর্মীদের কম উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, আজ সংসদ অধিবেশন আছে। তারাও হয়তো সেটা বিবেচনা করে কর্মসূচি সংক্ষেপ করেছেন।

 

এর আগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকালে চন্দ্রিমা উদ্যানে যান দলের ষাট জনের মতো নেতাকর্মী।

 

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের লজ্জা হয়, দুঃখ হয়। আজ স্বাধীনতার ৫০ বছর পরে আমরা যখন জিয়াউর রহমানের মাজারে আসি আমাদের তখন বাধা দেওয়া হয়। আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালানো হয়। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

 

‘আজকে আমাদেরকে নেতা-কর্মী নিয়ে আসতে দেওয়া হয়নি। সরকার বিধি-নিষেধ আরোপ করেছে, সম্পূর্ণভাবে তারা বিধিনিষেধ জারি করেছে। পুলিশ আগেই জানিয়ে দিয়েছে আজকে ৩০ জনের বেশি আসা যাবে না। এটা নাকি এখন তাদের (পুলিশ) কন্ট্রোলের মধ্যে নেই। আরও বড় নিরাপত্তার আন্ডারে চলে গেছে। এভাবে তারা বাঁধার সৃষ্টি করেছে, আমাদেরকে বাঁধার সৃষ্টি করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here