নজর২৪ ডেস্ক- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়। এছাড়া খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা ও জানালা ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।
দাউদকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ‘হামলার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
বঙ্গবন্ধু খুনি মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে কুমিল্লার দাউদকান্দির দশপাড়ার বাড়ি ঘেরাওসহ প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, গত পাঁচ বছর ধরে ৩১ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ির পাশে দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে তার প্রতি ঘৃণা প্রদর্শন সভা হয়ে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে ওই সভা থেকে কিছু লোক তার বাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহ করে।
বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না বলে জানা গেছে। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।
