নজর২৪ ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন পরীমণি। আবেদনে ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করার আদালতের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে এই আবেদন দাখিল করা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের তথ্যমতে, ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ ওই মামলায় পরীমনির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। এ আদেশের বৈধতা নিয়ে আজ বুধবার আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে। পরীমনির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে।
এর আগে ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি, যা ১৩ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা। এ অবস্থায় বুধবার হাইকোর্টে আবেদন করলেন পরীমনি।
ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, ২২ আগস্টের আদেশে চ্যালেঞ্জ করে আবেদনটি করা হয়েছে। আবেদনে পরীমনি অন্তর্বর্তীকালীন জামিনও চেয়েছেন।
