নজর২৪, বরিশাল- বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এ সময় তিনি বলেছেন, এই ঘটনার জন্য আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব তবুও দলের কোনো ক্ষতি হতে দেব না।
শনিবার (২১ আগস্ট) বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা দেশের মানুষ চেনে। আমি পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব।
এ সময় মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান মেয়র সাদিক।
তিনি বলেন, সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।
এসময় তিনি সেই রাতের ঘটনার আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান। তিনি আরও বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। যা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেন।
মেয়র প্রশাসনকে বিসিসি’র কর্মকর্তা ও কর্মচারীদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান না চালানোর অনুরোধ জানান। তিনি বলেন, তাদের বাড়িতে অভিযান চালালে তারা কোনভাবে কাজ করতে পারবে না। এতে করে দুর্ভোগে পড়বে নগরবাসী। তারা যাতে নগরবাসীর সেবা করতে সে ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এ সময় মেয়র নগরবাসীর দুর্ভোগ লাঘবে বিসিসি’র কর্মীদের ময়লা পরিস্কারের নির্দেশ দেন।
আন্দোলনকারীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা যারা আন্দোলন করছেন, তাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানাই। এ সময় তিনি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা বিসিসি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন স্থানে যারা আন্দোলন করছে তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে বলেন।
তিনি বিভিন্ন কর্মসূচি পালনকারীদের উদ্দেশ্যে বলেন, শোকের মাসে সকলকে ধৈর্য্য ধরতে হবে। দলের বাইরে গিয়ে কোজ কাজ করলে তাতে দলেরই ক্ষতি হবে। সুষ্ঠু, নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত এবং সম্পূর্ণ ভিডিও প্রকাশ করে অপরাধ দেখে বিচার করুন। এ ঘটনায় যুবলীগ ও আওয়ামী লীগের দু’নেতার চোখ নষ্ট হয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে মেয়র জানান।
