বাবুনগরীর শেষ বিদায়ে হাটহাজারীতে মানুষের ঢল

নজর২৪ ডেস্ক- ধর্মভিক্তিক সংগঠন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ভিড় করেছেন হেফাজত নেতাকর্মীসহ অসংখ্য মানুষ। মাদরাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল্লামা শফীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে হাটহাজারী মাদরাসায় আনা হয় বাবুনগরীর মরদেহ। এর আগে মরদেহটি তার গ্রামের বাড়ি ফটিকছড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যদের দেখিয়ে রাতে হাটহাজারী মাদরাসায় আনা হয়।

 

বাবুনগরীকে শেষ বিদায় জানাতে রাত ৯টা থেকেই হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় ভিড় করেন মানুষজন।

 

কুমিল্লার চান্দিনা থেকে জানাজায় অংশ নিতে আসা সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাবুনগরী আমার শিক্ষক ছিলেন। হুজুর খুবই ভালো মানুষ ছিলেন। তাই কুমিল্লা থেকে হুজুরকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে চলে এসেছি।

 

কামরুল ইসলাম নামে ৫০ বছর বয়সী এক বৃদ্ধ ফেনী থেকে জানাজায় অংশ নিতে এসেছেন। তিনি বলেন, বাবুনগীরকে শেষবারের মতো দেখতে চলে এসেছি।

 

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ ইদরিস বলেন, রাত ১১টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি শেষ পর্যায়ে। মানুষ যাতে জানাজায় অংশগ্রহণ করতে পারে তাই মাদরাসার আশপাশে মাইক লাগানো হয়েছে।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *