নজর২৪, ঢাকা- বাংলাদেশ থেকে আফগানিস্তানে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোকের আফগানিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ থেকে কিছু লোকের আফগানিস্তানে যাওয়ার যে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। বিমান চলাচল বন্ধ রয়েছে, এ অবস্থায় তারা কি হেঁটে আফগানিস্তান গেছেন? প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
‘বাংলাদেশ থেকে অনেকেই আফগানিস্তান গেছে’ এ ধরনের কথা উঠছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো অমূলক। আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন, তাদের সন্দেহটি সঠিক নয়। এখন সবকিছু বন্ধ। যেখানে আমাদের এয়ার সার্ভিস বন্ধ, যেখানে আমাদের কোনো যাতায়াতের বাহন নেই, তাহলে কি হেঁটে হেঁটে গিয়েছেন, আমার সেখানেই প্রশ্ন। যারা বলছেন, তারা হয়তো চিন্তা না করেই, বাস্তবতার কথা না মনে করেই এ বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব ১ হাজার মাইল। মাঝখানে আরও দেশ রয়েছে দুইটি। সুতরাং সেখান থেকে এখানে চলে আসবে, এ ধরনের চিন্তা করাটাও অমূলক।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের তালেবান হা/মলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই। এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে।
