আবার জামিন আবেদন করলেন পরীমণি, মুক্তি মিলবে কি?

নজর২৪ ডেস্ক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির জামিন আবেদন করেছেন তার আইনজীবী।

 

সোমবার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরীর আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান এ জামিন আবেদন করেন। পরে শুনানির জন্য আদালত আগামী বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেন।

 

আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘আজ আমরা ঢাকা মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরী বরাবর পরীমনির জামিন আবেদন করি। আদালত এ বিষয়ে শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন।’

 

পরীমনিতে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাব। পরদিন এই অভিনেত্রীর বিরুদ্ধে বনানী থানাতে একটি মাদক মামলা করে বাহিনীটি। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।

 

ওই রিমান্ড শেষে আদালতে তোলা হলে পরীমনিকে আবার দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। দুই দফা রিমান্ড শেষে গত শুক্রবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

 

আদালতে প্রতিবারই জামিনের আবেদন করেছিলেন পরীমনির আইনজীবীরা, কিন্তু বিচারক তা নাকচ করে দেন।

 

আদালত পরীমনিকে ডিভিশন দেয়ার আদেশ দিলেও এ বিষয়ে কাগজপত্র হাতে না পাওয়ায় তাকে সাধারণ বন্দিদের সেবাই দেয়া হচ্ছে বলে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

 

কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব-মহিলা কারাগার) মো. আব্দুল জলিল বলেন, ‘পরীমনিকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়ার আদেশ এখনও আমরা পাইনি। ১৪ দিন পর তাকে আমরা সাধারণ বন্দিদের সেলে দিয়ে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *