Home আন্তর্জাতিক তালেবানের জয়, দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট

তালেবানের জয়, দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট

0
99

আন্তর্জাতিক ডেস্ক- তালেবান যোদ্ধাদের জন্য রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়া যখন সময়ের ব্যাপার, তখন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ছাড়ার খবর এসেছে।

 

নির্ভরযোগ্য দুটি সূত্রের বরাতে রোববার এ সংবাদ প্রকাশ করেছে কাবুলভিত্তিক সংবাদমাধ্যম টলো নিউজ।

 

তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে ঢোকার পরই প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন। এসময় প্রেসিডেন্টের সঙ্গে তার কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা ও সরকারের শীর্ষস্থানীয় নেতারাও চলে গেছেন।

 

এর আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশের চলমান সংকট নিরসনে দেশের রাজনৈতিক নেতাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন।

 

মোহাম্মদী বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল সোমবার দোহা যাবে। ওই প্রতিনিধিদলে ইউনুস কানুনি, আহমদ ওয়ালী মাসউদ ও মোহাম্মদ মহাকিকসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা রয়েছেন।

 

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, আফগান প্রেসিডেন্ট গনি প্রতিবেশী তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন। তবে নিরাপত্তার কারণে আশরাফ গনি কোথায় যাচ্ছেন সে ব্যাপারে যেকোনো ধরনের তথ্য জানাতে অস্বীকার করেছে প্রেসিডেন্টের কার্যালয়।

 

রাজধানী কাবুলে প্রবেশকারী তালেবানের একজন প্রতিনিধি বলছেন, তালেবানের যোদ্ধারা গনির অবস্থান জানতে চেষ্টা করছেন।

 

তালেবান ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক চুক্তির পর গনি পদত্যাগ করবেন এবং রাষ্ট্রক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেবেন। এর আগে তালেবান জোর করে রাজধানী কাবুল দখল করবে না বলে জানিয়েছিল।

 

তালেবানের সশস্ত্র অভিযানের মুখে আশরাফ গানি দেশ ছেড়েছেন অথবা ছাড়তে পারেন বলে বেশ কিছু গণমাধ্যমে আগেই খবর ছড়িয়েছিল। তবে রোববার বিকেলেও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, আফগান প্রেসিডেন্ট কাবুলেই রয়েছেন। সস্ত্রীক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সময় কাটাচ্ছেন তিনি।

 

গত কয়েকদিনে একের পর এক শহর তালেবানের দখলে চলে গেলেও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আশরাফ গানি বা তার সরকারের কোনো শীর্ষ কর্মকর্তাকে। এমনকি দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত তালেবানের দখলে চলে যাওয়ার পরও আফগান সরকারের কোনো সাড়াশব্দ ছিল না।

 

অবশেষে শনিবার বিকেলে জনতার উদ্দেশে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট। পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তবে সেই বক্তব্যের ২৪ ঘণ্টা যেতে না যেতেই দেশ ছেড়ে পালালেন পশ্চিমা-সমর্থিত এ নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here