ডিবির ওসিসহ ৬ পুলিশকে রিমান্ডে পাঠালো আদালত

নজর২৪ ডেস্ক- গোপাল কান্তি দাশ নামে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে তা আত্মসাতের ঘটনায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ৬ পুলিশ কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

বুধবার (১১ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃত ওসি সাইফুল ইসলাম ও বাকি ৫ অভিযুক্তকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালত ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াকে ৪ দিনের ও এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক ও এএসআই অভিজিত বড়ুয়া এবং মাসুদ রানাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

 

ফেনীর পুলিশ সুপার (এসপি) খন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান তারা।

 

এ ঘটনায় গোপাল এসপির কাছে লিখিত অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রথমে পুলিশ চারজনকে আটক করে। তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়।

 

মঙ্গলবার রাতে গোপাল তাদের নামে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

 

এসপি আরও জানান, পুলিশ গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ১৫ স্বর্ণের বার উদ্ধার করেছে। এগুলোর বৈধতা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *