চয়নিকাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, ফিরে যাবেন পরিবারের কাছে

নজর২৪, ঢাক – নাট্য ও চলচ্চিত্র নির্দেশক চয়নিকা চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হলেও তাকে সেখানে আটক রাখা হচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে।

 

শুক্রবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের গেটে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

 

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে চয়নিকা চৌধুরীকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে। পরে আবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে তাকে ডেকে নেওয়া হবে।

 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে হেফাজতে নেয় ডিবি। পরে তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

সন্ধ্যায় বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার দিয়ে বের হয়ে আসার পর চয়নিকার গাড়ি আটকায় ডিবি পুলিশ। সেখানে কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন ডিবির কর্মকর্তারা। পরে হেফাজতে নেওয়া হয় চয়নিকাকে।

 

গত বুধবার পরীমনি আটক হওয়ার পর তার সঙ্গে ঘনিষ্ঠ আরও দুইজনসহ মোট তিন জনকে আটক করা হয়। মা’দকের মামলায় পরদিন গ্রেপ্তারের পর তাদেরকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

 

শুক্রবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, পরীর পৃষ্ঠপোষক এক নারীকে তারা নজরদারিতে রেখেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

সেই নারী যে চয়নিকা, সেই বিষয়ে সেই সময়ই ধারণা করা হচ্ছিল। তবে হারুন তার নাম প্রকাশ করেননি।

 

এর কিছুক্ষণ পরেই চয়নিকাকে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোন আটক করে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের একজন সহকারী কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *