১১ আগস্ট থেকে থাকবে না লকডাউন, খুলে দেওয়া হবে দোকানপাটসহ সবকিছুই

নজর২৪, ঢাকা- দেশে চলমান লকডাউন আরও পাঁচদিন বাড়িয়ে সরকার থেকে জানানো হয়েছে ১১ আগস্ট থেকে খুলে দেয়া হবে গণপরিবহন। এদিন থেকে খোলা হবে শপিং মলসহ সব ধরনের দোকানপাট এবং অফিস আদালত।

 

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

 

মন্ত্রী বলেন, আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ড-ইউনিয়নে ৫ থেকে ৭টি কেন্দ্র করে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।

 

কিছু শিল্প-কারখানা খুলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যান্য কারখানাও আমরা খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ১১ তারিখ থেকে সব দোকানপাট, যানবাহনও চলবে। তবে সব একত্রে না। আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেটরকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করব, বাই রোটেশনে যাতে চলে।’

 

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘মনে করেন, গাজীপুর থেকে ১০০ গাড়ি আসে প্রতিদিন ঢাকায়। ১০০ না, ৩০টি আসুক বা ৫০টি আসুক। আজকে এগুলো যাবে কালকে অন্যগুলো যাবে। এরকম তারা নির্ধারণ করে দেবে। শ্রমিক, পরিবহন নেতা এবং যারা পরিবহনের মালিক, তাদের সঙ্গে বসে।’

 

লঞ্চ, স্টিমার আছে, রেল আছে, সেগুলোও চলবে। সব যে পরিমাণে আগে চলেছিল, সে পরিমাণ না চলে সীমিত আকারে…কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবে। যেমন- রেল হয়তো ১০টা চলতো, এখন ৫টা চলবে। কোন সময়ে কোনটা ছাড়বে এবং কীভাবে যাবে, এগুলো স্ব স্ব মন্ত্রণালয় ও ডিপার্টমেন্ট জনগণকে অবহিত করবে, যাতে করে কোনো গ্যাপ না থাকে, বলেন আ ক ম মোজাম্মেল হক।

 

সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ভার্চুয়ালি মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *