গার্মেন্টস মালিকদের অনুরোধ প্রত্যাখান, সিদ্ধান্তে অটল সরকার

নজর২৪, ঢাকা- করোনার সংক্রমণ রোধে সারাদেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) চলছে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হওয়া বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এই বিধিনিষেধের সময় শিল্পকারখানা বন্ধ রয়েছে, ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।

 

তার আগে শিল্প-কলকারখানার মালিকরা খোলার অনুরোধ জানালেও তাদের অনুরোধ রাখনি সরকার।

 

মঙ্গলবার (২৭ জুলাই) করোনা পরিস্থিতি প্রসঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে শিল্পকারখানা খোলা যায় কি না সে বিষয়ে শিল্পপতিসহ অনেকেই সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু এই অনুরোধ সম্ভবত রাখতে পারছি না।

 

তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত এমন এসেছে- আমাদের যে লকডাউন চলছে তা ৫ তারিখ পর্যন্ত চলতে থাকবে। আমরা আশা করছি অন্যান্য দেশের মতো সংক্রমণ ধীরে ধীরে কমবে আসবে।

 

উল্লেখ্য, সবশেষ বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিধিনিষেধে সব ধরনের কলকারখানা বন্ধ থাকবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও বিধিনিষেধকালে বন্ধ থাকবে। সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

 

২২ জুলাই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, গতবারের চেয়ে কঠিন হবে এই বিধিনিষেধ। এটি বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সবকিছুই বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *