নজর২৪, ঢাকা- করোনার টিকা নেয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বর এসেছে বলে তার সঙ্গে দেখা করে এসে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ঈদুল আজাহার দিন ফখরুলসহ দলের স্থায়ী কমিটির নেতারা গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটান। একে ঈদের শুভেচ্ছা বিনিময় বলছেন তারা।
রাত আটটায় বাসায় গিয়ে ঘণ্টা দেড়েক সেখানে অবস্থান করেন। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রায় এক বছর পর আমরা ম্যাডামের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। এমনিতেই কোভিড পরবর্তীতে ম্যাডাম মোটামুটি ভালো আছেন। তবে করোনার টিকা নেয়ার পর উনার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়েছে।
‘ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং আমরা সব সময় বলে আসছি বেগম জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন। এটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।’
গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ১৯ জুলাই রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন খালেদা জিয়া। তাকে দেয়া হয়েছে মডার্নার টিকা।
