২ ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক- করোনাভাইরাস টিকার দুই ডোজই নিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এরপরও তিনি কভিড আক্রান্ত হয়েছেন। শনিবার তার সংক্রমণ ধরা পড়ে। নিজেই এক টুইটে জানিয়েছেন তিনি।

 

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (১৬ জুলাই) রাতে স্বাস্থ্যমন্ত্রী কিছুটা অসুস্থ বোধ করায় শনিবার (১৭ জুলাই) সকালে করোনাভাইরাস পরীক্ষা (লেটারেল ফ্লো টেস্ট) করেন। এতে তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন।

 

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গত মাসের শেষ দিকে দায়িত্ব গ্রহণ করা সাজিদ জাভিদ এর আগে করোনাভাইরাস ভ্যাকসিনের দুটি ডোজই গ্রহণ করেছেন বলে জানান।

 

টুইটারে সাজিদ জাভিদ বলেন, করোনাভাইরাস ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছি বলে আমি কৃতজ্ঞ। এখনও আমার উপসর্গগুলো মৃদু।

 

৫১ বছর বয়েসী ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পিসিআর টেস্টের ফলাফল পাওয়ার আগে তিনি পরিবারের সঙ্গে সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 

লেটারেল ফ্লো টেস্টে মাত্র আধাঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যায়। এ ধরনের পরীক্ষায় ভাইরাসের মৃদু উপস্থিতি প্রায়ই শনাক্ত হয় না। তবে কোনো ব্যক্তির এ ধরনের পরীক্ষার ফলাফল পজিটিভ হলে তিনি করোনাভাইরাসে নিশ্চিত আক্রান্ত বলে ধরে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *