নজর২৪ ডেস্ক- বর্ষার মৌসুম চললেও হঠাৎ বৃষ্টির দেখা নেই দেশে। রাজধানীতে গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা কম থাকায় এমন হয়েছে।
তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আবার বৃষ্টির দেখা দেবে, যা টানা ঈদ পর্যন্ত চলতে পারে। এতে বেশির ভাগ মানুষের ঈদযাত্রা হতে পারে বৃষ্টিভেজা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, আসলে বর্ষা মানেই যে সবসময় বৃষ্টি হবে তা নই। এখন দেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা কম আছে। আর বর্ষাকালেও কিন্তু একটি বিরতি চলে। সেটাই এখন চলছে।
মৌসুমি বায়ুর সক্রিয়তা কমার ব্যাখ্যা দিয়ে আরিফ বলেন, মৌসুমি বায়ুর নির্দিষ্ট অক্ষ আছে। প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগে প্রবেশ করতে হয়। এজন্য যে দখিনা বাতাস দরকার। তা এই সময়ে মাঝে মাঝে কম থাকে। এই বাতাসের গতি এখন কম মানে জলীয় বাষ্প কম আসতেছে।
তিনি বলেন, ‘দুদিন পর আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই বৃষ্টি ঈদ পর্যন্ত চলতে পারে। তবে এখনই ঈদে বৃষ্টি হবে কি না তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’
গত কয়েকদিন যে বৃষ্টি হয়নি তা পূর্বাভাসেও পাওয়া গেল। বুধবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেতুলিয়াতে ১২৯ মিলিমিটার। এ ছাড়া, দেশের অন্যকোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।
সাধারণত, জুলাই মাসে দেশে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়ে থাকে। এ মাসে আবহাওয়ার তিনমাস মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে গড়ে দিনে ৪৯০ থেকে ৫৭০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ ছাড়া, জুলাই মাসে বাংলাদেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হবে।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দেয়াসহ কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
