নজর২৪, ঢাকা- ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খান।
মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। এসময় রাশেদ খান বলেন, ছাত্রদলের সভাপতির বক্তব্য এমন জঘন্য হতে পারে এটি ভাবতেই লজ্জা হচ্ছে।
স্ট্যাটাসটি হুবহু নজর২৪ এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-
“ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক ভিপি নুরুল হক নুরের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের ইঙ্গিত করে বলেছে, ‘আমরা দেখেছি এবং জানি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কারা বার বার ছাত্রলীগের পা ধরে মাফ চেয়ে আসছে।”
একটি ছাত্র সংগঠনের সভাপতির বক্তব্য এমন জঘন্য হতে পারে এটি ভাবতেই লজ্জা হচ্ছে।
ডাকসু নির্বাচনের পরে ছাত্রদলসহ ভিন্নমতের সবার রাজনৈতিক স্বাধীনতা, ভিন্নমতের সবার গণতান্ত্রিক রাজনীতি চর্চার অধিকার নিয়ে আমরা কথা বলেছি। তাদের উপর হামলা হলে নুরুল হক নুর ভিপি হিসেবে সবসময় সোচ্চার ছিলো, বিবৃতি দিয়েছে।
গত কয়েকদিন আগে সভাপতি খোকন ভাই ছাত্রদলের নেতাকর্মীদের হামলা হলে নুরসহ আমরা সকলে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছি।
কিন্তু আজকে খোকন ভাইয়ের এই হিংসাত্মক বক্তব্য তার রাজনৈতিক অজ্ঞতার পরিচয় বলে মনে হয়েছে।

আপনারা কেউ কখনো দেখেছেন, আমরা ছাত্রলীগের পা ধরে মাফ চেয়েছি? ডাকসু হামলার মত নারকীয় তাণ্ডব যারা আমাদের উপর চালিয়েছে, আমরা নাকি তাদের পা ধরে মাফ চেয়েছি!
ফজলুর রহমান খোকন ভাইকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় তার বক্তব্যের যথাযথ যুক্তি ও প্রমাণ প্রত্যাশা করছি।”
আগের সংবাদ পড়ুন-
