Home প্রধান খবর বৃহস্পতিবার থেকে ঘরের বাইরে গেলেই কঠোর শাস্তি

বৃহস্পতিবার থেকে ঘরের বাইরে গেলেই কঠোর শাস্তি

0
64

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শাটডাউনের সময় জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে এলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সরকার।

 

মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

এ সময়ে জরুরি পরিসেবা কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারবে না। যদি কেউ বের হয় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও এতে জানানো হয়।

 

মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তথ্যবিবরণীতে সবাইকে অনুরোধ জানানো হয়।

 

এর আগে গত সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত খুব কঠোর অবস্থানে যাচ্ছি আমরা, খুবই কঠোর অবস্থানে। তিনি জানান, এবার মুভমেন্ট পাস থাকবে না।

 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ বের হতে পারবে না, পরিষ্কার কথা। তবে জরুরি প্রয়োজনে বের হতে পারবে।’

 

মুভমেন্ট পাস না থাকলে জরুরি প্রয়োজনে কীভাবে বের হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরুন দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সেসময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সেক্ষেত্রে বের হতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here