Home প্রধান খবর মগবাজার বিস্ফোরণ: ৪৮ ঘন্টা পর ভবন কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

মগবাজার বিস্ফোরণ: ৪৮ ঘন্টা পর ভবন কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

0
63

নজর২৪, ঢাকা- মগবাজারের ওয়ারলেস গেটের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের কেয়ারটেকার মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

 

ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এর আগে রোববার বিস্ফোরণের পর থেকে তার মেয়ে হেনা বেগম বাবার ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে হন্যে হয়ে খুঁজে ফিরছিলেন। অর্থাৎ বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হলো।

 

মঙ্গলবার (২৯ জুন) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে এ মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।

 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আমাদের একটি টিম আরেকটি মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।

 

প্রসঙ্গত, রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এতে ওই দিনই দুই শতাধিক আহত ও ৭ জন নিহত হন। আজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

 

বিস্ফোরণে সাতজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ‘সংশ্লিষ্টদের অবহেলা’কে দায়ী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মগবাজারে গ্যাস জমে থাকার কথা উল্লেখ থাকলেও এর সঙ্গে সংশ্লিষ্ট তিতাস বা রাজউকের নাম উল্লেখ করা হয়নি।

 

মঙ্গলবার (২৯ জুন) ভোরে ডিএমপির রমনা থানায় মামলাটি দায়ের হয়। মামলার বাদী রমনা থানার একজন পুলিশ কর্মকর্তা। মামলায় আসামির নাম ‘অজ্ঞাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলা হয়েছে। পুলিশ বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here