মধ্যরাতে প্রশাসনের অভিযান, ঢাবির হল থেকে পালালেন ছাত্রলীগ নেতাকর্মীরা

lig 5

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৬ জুন) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলে অভিযান চালানো হয়।

 

এ সময় অভিযানের খবর পেয়ে হলে অবস্থানকারীরা পালিয়ে গেলেও তাদের আলামত পায় প্রশাসন। এ সময় দুটি হলের ছয়টি রুম সিলগালা করে হল প্রশাসন।

 

সিলগালা হওয়া রুমগুলো হলো, জহুরুল হক হলের- ৩০১, ৩০২ ও ৩০৩ নং রুম। সলিমুল্লাহ মুসলিম হলের ২৫, ৩৩ ও ৩৯ রুম।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- দুই হলের প্রভোস্ট, হাউজ টিউটর, প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।

 

শনিবার রাত পৌনে ১২টায় অভিযান শুরু হয়। শেষ হয় রাত ১টায়।

 

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমি নিজে অবস্থান করে হল প্রভোস্টদের উপস্থিতে দুইটি হলে অভিযান চালিয়েছি। দুই হলের তিনটি করে ছয়টি রুম সিলগালা করা হয়েছে।’

 

‘জহুরুল হক হলে আমাদের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। তবে তাদের উপস্থিতির আলামত আমরা পেয়েছি, বাতিও জ্বালানো ছিল। আর সলিমুল্লাহ মুসলিম হলে একজন সাধারণ শিক্ষার্থীকে পাওয়া গেছে। প্রভোস্টকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

 

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘হলের যেসব রুম অবস্থানের আলামত পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি।’

 

সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমাদের হলে কেউ অবস্থান করেনি। একজন সাধারণ শিক্ষার্থী তালা দেয়ার কারণে বের হতে না পারায় অবস্থান করে। তাকে বের করে দেয়া হয়েছে। সন্ধ্যা ৭টায় হল গেইট বন্ধ করে দেয়া হয়। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *