নজর২৪, চট্টগ্রাম- চট্টগ্রামের মীরসরাইয়ে বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ৮টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির।
তিনি বলেন, বুধবার (২৩ জুন) এক তরুণীকে বাসে ও বিভিন্ন এলাকায় নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযোগ পেয়ে শুক্রবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মোট ৮-৯ জন জড়িত, ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃতরা হল- সীতাকুণ্ড উপজেলার আশরাফুল ইসলাম ( ২৩), শাহাদাত হোসেন ( ১৯), নিজামউদ্দিন রানা ( ২০), মো. বেলাল হোসেন ( ২৩), মো. ইসমাঈল (৩১) এবং মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামের মো. সাগর হোসেন ( ২২)।
স্থানীয়রা জানায়, ঘটনার শিকার তরুণীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। বুধবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অধিকাংশ সময় বাসে এবং পরবর্তীতে আরও বিভিন্ন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রানা নামে বাসের একজন স্টাফ ছিল ওই তরুণীর পূর্ব পরিচিত। সে সম্পর্কের সুবাদে রানা তাকে ফুসলিয়ে মীরসরাইয়ে নিয়ে যায়। এরপর ছয়জন মিলে প্রথমে একটি বাসের ভেতর এবং পরে মীরসরাইয়ে আরও বিভিন্ন জায়গায় নিয়ে জিম্মি করে আরও কয়েকজন ধর্ষণ করে।
মিরসরাই থানার ওসি মো. মুজিবুর রহমান জানান বলেন, ওই তরুণীকে বিভিন্ন পর্যায়ে ধর্ষণের সাথে মোট নয়জন যুক্ত ছিলেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
